খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 2 September 2026 - 10:32 PM
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩২ অপরাহ্ণ

SIR Sonamura News : ভোটার সংশোধনী প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে সোনামুড়ায়

SIR Sonamura News
1 minute read

SIR Sonamura News : ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সারা রাজ্যের সঙ্গে সোনামুড়া মহকুমাতেও শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision)। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। SIR-এর বিভিন্ন ধাপ, সময়সীমা এবং ভোটারদের করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মহকুমা শাসক SIR-এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR-এর গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। ওই দিন থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বুথ লেভেল অফিসার বা BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রাক-পূরণ করা Enumeration Form প্রদান করবেন এবং ফর্ম পূরণে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন, সেজন্য প্রতিটি বাড়িতে BLO-দের সর্বোচ্চ তিনবার পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটারদের ফর্মে থাকা তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে BLO-র কাছে জমা দিতে হবে। পাশাপাশি অনলাইনের মাধ্যমেও Enumeration Form পূরণ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।

প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বাড়ি বাড়ি Enumeration-এর সময় BLO কোনও নথি সংগ্রহ করবেন না। পরবর্তীতে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ERO প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য নোটিশ দিতে পারেন।

নির্ধারিত সূচি অনুযায়ী ২১ অক্টোবর প্রকাশিত হবে SIR-এর খসড়া ভোটার তালিকা। এরপর ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। দাবি-আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৩ ডিসেম্বর ২০২৬ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

SIR সুষ্ঠুভাবে সম্পন্ন করতে BLO, BLO Supervisor, ERO, AERO-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটারদের সহায়তার জন্য থাকবে Help Desk। প্রশাসনের আবেদন, গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত সময়ে ভোটাররা নিজেদের তথ্য যাচাই করুন।
প্রশাসনের মূল লক্ষ্য—কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন এবং কোনও অযোগ্য নাম যেন ভোটার তালিকায় না থাকে।

For All Latest Updates

খাস খবর