Khowai Road News : খোয়াই মহকুমার চর গনকি এলাকায় খোয়াই নদীর ভাঙনে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ খোয়াই তাঁত চৌমুনী থেকে পশ্চিম সোনাতলাগামী সড়ক। নদীর একেবারে কিনার ঘেঁষে থাকা এই সড়কের শ্রীকৃষ্ণ বিদ্যালয় সংলগ্ন অংশ প্রতিবছর বর্ষায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে যোগাযোগ ব্যবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি পেলেই ওই এলাকায় ব্যাপক নদীভাঙন শুরু হয়।
ইতিমধ্যেই রাস্তার একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর একাংশের দাবি, ওই এলাকায় থাকা দুটি সরকারি অনুমোদিত বালুর কোয়ারির কারণে নদীর পাড়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। নদীর গতিপথ ও জলপ্রবাহের বিষয়টি বিবেচনা করে বালু উত্তোলনের প্রভাব নিয়ে বিজ্ঞানসম্মত সমীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রতিবছর রাস্তা রক্ষায় সাময়িকভাবে বোল্ডার ফেলে সংস্কার করা হলেও তা বেশিদিন স্থায়ী হয় না। নদীর জলস্তর বাড়লেই বোল্ডার সরে গিয়ে ফের রাস্তার অংশ ধসে পড়ে। এতে একদিকে সরকারি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে সমস্যার স্থায়ী সমাধানও হচ্ছে না। এই গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় যাতায়াতের পাশাপাশি শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। পরিস্থিতির আরও অবনতি হলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
তাই সাময়িকভাবে বোল্ডার ফেলে রাস্তা মেরামতের পরিবর্তে নদীর স্রোত, মাটির প্রকৃতি এবং ভাঙনের গতিপ্রকৃতি বৈজ্ঞানিকভাবে পর্যালোচনা করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি নদীভাঙনের প্রকৃত কারণ খতিয়ে দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।






