শিক্ষক সংকট শ্রেণিকক্ষের অভাব ও বেহাল রাস্তার সমস্যার সমাধান চেয়ে সড়ক অবরোধ নবীনছড়ায় : ত্রিপুরার ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের নবীনছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে একের পর এক সমস্যার অভিযোগ। শিক্ষক সংকট, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব থেকে শুরু করে বিদ্যালয়ে যাওয়ার বেহাল রাস্তা—দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় জর্জরিত এই সরকারি বিদ্যালয়। বারবার দাবি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল জাতীয় সড়কে। আট দফা দাবিতে বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরা নবীনছড়া বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন।
আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই। ফলে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাংলা ও বিজ্ঞান বিষয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষও। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটিও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের।
এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে প্ল্যাকার্ড হাতে জাতীয় সড়কে বসে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। তাদের আট দফা দাবির মধ্যে ছিল পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষের সংখ্যা বৃদ্ধি, বাংলা ও বিজ্ঞান বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ে যাওয়ার রাস্তা অবিলম্বে সংস্কার করা। দীর্ঘক্ষণ অবরোধ চলায় উত্তপ্ত হয়ে ওঠে নবীনছড়া বাজার সংলগ্ন এলাকা।
জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দু’পাশে ছোট-বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে। তৈরি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ। পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেব্বর্মা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
আন্দোলনকারীদের অভিযোগ ও দাবিদাওয়া শোনার পর প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। এ জন্য আন্দোলনকারীদের কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন পড়ুয়া ও অভিভাবকরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
তবে নির্ধারিত ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে যখন একের পর এক দাবি ও প্রচার চলছে, তখন মন্ত্রী সান্তনা চাকমার বিধানসভা কেন্দ্র পেঁচারথলের নবীনছড়া বিদ্যালয়ের এই ছবি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে শিক্ষা পরিকাঠামোর বাস্তব পরিস্থিতি নিয়ে। শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের অভাব এবং যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা নিয়ে পড়ুয়া-অভিভাবকদের এই আন্দোলন প্রশাসনের কাছে কতটা বার্তা পৌঁছায়, এখন সেটাই দেখার।






