খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 24 August 2026 - 02:57 AM
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ - ০২:৫৭ পূর্বাহ্ণ

আলাদা রাজ্যের দাবিতে ফের আগরতলার রাজপথে আইপিএফটি

আলাদা রাজ্যের দাবিতে ফের আগরতলার রাজপথে আইপিএফটি
1 minute read

আলাদা রাজ্যের দাবিতে ফের আগরতলার রাজপথে আইপিএফটি : আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে ফের আগরতলার রাজপথে সরব হলো ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)। সংগঠনের উদ্যোগে রবিবার রাজধানীর মরা চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। তার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনীতে পৌঁছায় এবং সেখানে আয়োজিত পথসভার সামনে এসে শেষ হয়।

মিছিল ও পথসভাকে ঘিরে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। এদিনের কর্মসূচি থেকে আইপিএফটি নেতৃত্ব ফের তিপ্রাল্যান্ডের দাবিতে জোরালো সওয়াল করেন। বক্তাদের বক্তব্য, রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা প্রয়োজন। আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের পাশাপাশি নিজস্ব অধিকার রক্ষার জন্য পৃথক রাজ্যের দাবি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগেও পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে সক্রিয় ছিল আইপিএফটি। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে জোট করে রাজ্য সরকারে অংশ নিলেও পৃথক রাজ্যের দাবি নিয়ে সংগঠনের অভ্যন্তরে ও বাইরে নানা সময়ে চাপ তৈরি হয়েছে। বর্তমানে তিপ্রা মথাও তিপ্রাসাদের রাজনৈতিক অধিকার ও বৃহত্তর সাংবিধানিক সমাধানের দাবিকে সামনে রেখে রাজনীতির ময়দানে সক্রিয় রয়েছে।

তবে কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অবস্থানের কারণে পৃথক রাজ্যের দাবি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে ফের রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি জোরালো করার চেষ্টা করছে আইপিএফটি।

এদিনের কর্মসূচি ঘিরে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখার, আইপিএফটির এই নতুন করে রাজপথে নামার কর্মসূচি রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং পৃথক রাজ্যের দাবিকে ঘিরে আগামী দিনে আন্দোলনের গতিপথ কোন দিকে মোড় নেয়।

এদিকে এদিনের এই মিছিল ঘিরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া নিতে চাইলে উনি জানান শুক্লা চরন নোয়াতিয়া মন্ত্রী সভার সদস্য হলেও একটি পৃথক রাজনৈতিক দলের নেতৃত্ব। সেই নিরিখে উনি এধরণের কর্মসূচী তে অংশ নিতেই পারেন তাতে কোনো আপত্তির বিষয় নেই।

For All Latest Updates