Agartala News : আগরতলা শহরের ব্যস্ততম ভিআইপি সড়ক সংলগ্ন জিবি হাসপাতাল ও জিবি বাজার এলাকার ড্রেন ও রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থা এবং অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কারণে এলাকায় সৃষ্টি হয়েছে চরম অস্বস্তিকর পরিবেশ।
স্থানীয়দের দাবি, জিবি হাসপাতাল থেকে নির্গত নোংরা জল ও আবর্জনা সরাসরি ড্রেনে এসে জমা হচ্ছে এবং সেখান থেকে তা উপচে পড়ে বাজারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুর্গন্ধে নাকাল হয়ে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা। বাজারে আগত রোগী ও তাদের পরিজনেরাও এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, যার প্রভাব পড়ছে ব্যবসার উপরও।
এক ব্যবসায়ী জানান, “প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। হাসপাতালের নোংরা জল ড্রেন দিয়ে বাজারে চলে আসে। আমরা সারাদিন এখানে থাকি, এই দুর্গন্ধে থাকা খুব কষ্টকর হয়ে যায়। অনেক ক্রেতা এই কারণে বাজারে আসতেই চান না।”
অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে পোস্ট করা হলেও এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের তরফে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের বক্তব্য, কেউ এসে সমস্যার খোঁজও নিচ্ছেন না বা স্থায়ী সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর প্রশ্ন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ এলাকায় কেন বারবার একই সমস্যা তৈরি হচ্ছে, তার সঠিক জবাব তারা পাচ্ছেন না। তাদের দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক।
এদিকে, প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষ।



