Koilasahar Minor Girl : রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই ফের এক নৃশংস ঘটনার অভিযোগ সামনে এল উত্তর ত্রিপুরার কৈলাশহর এলাকায়। ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনায় ৯ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন নামে অভিযুক্ত ব্যক্তি পাশের ৪ নম্বর ওয়ার্ডের ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই শিশুটির উপর শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় এলাকার কয়েকজন মহিলা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে নাবালিকার হাতে ৬০০ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে অভিযুক্ত। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
রাগে ফেটে পড়ে এলাকাবাসীরা অভিযুক্তকে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে অভিযুক্ত কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি। যদিও পুলিশের দাবি, তারা ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে, তাই আলাদা অভিযোগের প্রয়োজন নেই।
পুলিশের এই অবস্থান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কেন লিখিত অভিযোগ নিতে অস্বীকার করা হল, তা স্পষ্ট করা উচিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নাবালিকার শারীরিক ও মানসিক পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।



