Banamalipur Royal Enfield : আগরতলার বনমালিপুর দিঘিরপার এলাকা থেকে চুরি হওয়া একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিশাল দাস, বাড়ি বিশালগড়ের মোরাবাড়ি এলাকায় বলে জানা গেছে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গত ২২ তারিখ গভীর রাতে বনমালিপুর গালবুজম এলাকায় বিক্রম কুমারের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্তে নামে। চুরি হওয়া বাইকের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এবং সম্ভাব্য রুটে নজরদারি বাড়ানো হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ সূত্রে খবর আসে যে, চোর বাইকটি মধুপুরের খুনাবন সীমান্ত এলাকার দিকে নিয়ে গেছে। সেই তথ্যের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ মধুপুর থানার সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে খুনাবন সীমান্ত এলাকা থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে বিশাল দাসকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বর্তমানে ধৃত অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।



