Cameroon Citizen Arrested : আমতলী থানার পুলিশের তৎপরতায় আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ক্যামেরুনের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম অস্টিন অস্টিন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিদেশি নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্টেশন এলাকায় টহলদারি চলাকালীন ওই ব্যক্তিকে লক্ষ্য করা যায়। তার আচরণে অসঙ্গতি ধরা পড়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে পরিচয় জানতে চান। তখনই তিনি নিজেকে ক্যামেরুনের নাগরিক বলে দাবি করেন। তবে তার কাছ থেকে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত নথি দেখাতে পারেননি।
এই তথ্যের ভিত্তিতে এসআই রণব্রত ঘোষসহ আমতলী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেন যে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৩৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছেন, যদিও এর পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার দুপুরে ধৃতকে আদালতে তোলা হয় এবং পুলিশ তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়, যাতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন করা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে স্টেশন ও সংলগ্ন এলাকায়।



