খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 March 2026 - 09:30 PM
বুধবার, ১৮ মার্চ ২০২৬ - ০৯:৩০ অপরাহ্ণ

National Highway Weed : হাইওয়ে চেকিংয়ে ধরা পড়ল বড় মাদক চক্র! গোপন চেম্বার থেকে উদ্ধার বিপুল গাঁজা

National Highway Weed
1 minute read

National Highway Weed : খোয়াই থানার পুলিশের উদ্যোগে আবারও বড়সড় সাফল্য মিলল। বুধবার সকালে খোয়াই-কমলপুর জাতীয় সড়কে নিয়মিত গাড়ি তল্লাশির সময় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ বিশেষ ভেহিকেল চেকিং চলাকালীন একটি ছোট মালবাহী গাড়িকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি থামার পরিবর্তে দ্রুতগতিতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই গাড়ির পিছু ধাওয়া করে। পরে সিঙ্গীছড়া এলাকায় একটি পশু চিকিৎসালয়ের কাছাকাছি গাড়িটিকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে ততক্ষণে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এরপর ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির ভিতরে একটি কৃত্রিম বা গোপন চেম্বার থাকার সন্ধান মেলে, যা সাধারণত এ ধরনের গাড়িতে থাকে না। সন্দেহ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিভিল প্রশাসনকে খবর দেওয়া হয়। এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটির গোপন অংশ খুলে দেখা হলে সেখান থেকে মোট ৪৭টি প্যাকেটে ভরা প্রায় ৯৬.৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, খোয়াই থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে একের পর এক মাদকবিরোধী অভিযানে সাফল্য মিলছে। পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপে এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে কড়া বার্তা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

For All Latest Updates

ভিডিও