খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 16 March 2026 - 09:26 PM
সোমবার, ১৬ মার্চ ২০২৬ - ০৯:২৬ অপরাহ্ণ

Suryamani Nagar News : বাহুবল নয়, আইনের জয়! সূর্যমনিনগরে পঞ্চায়েত প্রধানের দখল থেকে জমি উদ্ধার করল আদালত

Suryamani Nagar News
1 minute read

Suryamani Nagar News : দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে আদালতের নির্দেশে দখলমুক্ত করা হলো একটি টিলাভূমির রাবার বাগান। সোমবার দুপুরে আদালতের আধিকারিকদের উপস্থিতিতে এবং আমতলী থানার পুলিশের সহযোগিতায় সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম রায়ের দখল থেকে প্রায় ৬৪ শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগ, সূর্যমনিনগর বিধানসভা এলাকার চৌমুহনী বাজার রেলব্রিজ সংলগ্ন এলাকায় স্বর্গীয় সুরেন্দ্র সূত্রধরের নামে নিবন্ধিত একটি টিলাভূমি রয়েছে। ওই জমিতে তার ছেলে ভুলু সূত্রধর দীর্ঘদিন ধরে রাবার বাগান চাষ করছিলেন। কিন্তু পরবর্তীতে সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান উত্তম রায় ওই জমির প্রতি নজর দেন। অভিযোগ ওঠে, প্রশাসনিক প্রভাব এবং বাহুবল ব্যবহার করে তিনি ওই জমির রাবার বাগান জোরপূর্বক দখল করে নেন।

ঘটনার পর ভুলু সূত্রধর আইনের দ্বারস্থ হন এবং আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে আদালতে মামলার শুনানি চলার পর সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দেয় যে, জমিটির প্রকৃত মালিক স্বর্গীয় সুরেন্দ্র সূত্রধর। সেই অনুযায়ী আদালত নির্দেশ দেয় যে, দখলকৃত জমি পঞ্চায়েত প্রধান উত্তম রায়কে ছেড়ে দিয়ে ভুলু সূত্রধরের হাতে হস্তান্তর করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় দুই মাস আগে আদালতের আধিকারিকরা জমিটি দখলমুক্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সেই সময় পঞ্চায়েত প্রধান উত্তম রায় তার ভাই এবং কয়েকজন সহযোগীকে নিয়ে উপস্থিত হয়ে আদালতের আধিকারিকদের কাজে বাধা দেন। পরিস্থিতির কারণে সেদিন আদালতের আধিকারিকরা দখলমুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

পরবর্তীতে বিষয়টি আবার আদালতের নজরে আনা হলে আদালত কঠোর নির্দেশ জারি করে। সেই নির্দেশ মেনে সোমবার আদালতের আধিকারিকরা আমতলী থানার পুলিশের সহযোগিতায় পুনরায় ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় ৬৪ শতক জমি দখলমুক্ত করে আদালতের নির্দেশনামা পাঠ করে শোনানো হয় এবং প্রতীকীভাবে লাল পতাকা উত্তোলন ও ঢোল পিটিয়ে জমিটি ভুলু সূত্রধরের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

তবে এদিন পঞ্চায়েত প্রধান উত্তম রায় ঘটনাস্থলে উপস্থিত হননি বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পুলিশি উপস্থিতি টের পেয়ে তিনি দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সামনে আসেননি।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উত্তম রায়ের বিরুদ্ধে এর আগেও এলাকায় একাধিক জমি দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কয়েকটি জমি সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন বলেও জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করা হলেও উল্টে তার বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ উঠছে, যা অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসীর দাবি, প্রশাসন এবং শাসকদল যেন দ্রুত এই ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

For All Latest Updates

ভিডিও