খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 16 March 2026 - 09:13 PM
সোমবার, ১৬ মার্চ ২০২৬ - ০৯:১৩ অপরাহ্ণ

Bishalgarh News : বিশালগড়ে মাদক কারবারির কড়া শাস্তি! নাসির আহমেদ ওরফে নসুকে ১০ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বিশালগড়ে কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদ ওরফে নসুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার সাজা দিল বিশালগড়ের স্পেশাল এনডিপিএস আদালত। সোমবার বিকেলে আদালতের এই রায় ঘোষণা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান মামলার আইনজীবী।

জানা গেছে, ২০২২ সালের ২১ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ বিশালগড় বাইপাস এলাকায় মোবাইল ডিউটির সময় এসআই মৃদুল মজুমদার ও পুলিশকর্মীরা নম্বর প্লেটবিহীন একটি মোটরবাইককে থামানোর চেষ্টা করেন। তবে বাইকটি প্রথমে পালানোর চেষ্টা করলেও পরে পুলিশ তা আটকাতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে ওই বাইকের আরোহী নাসির আহমেদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগ থেকে ৯০ বোতল ফেন্সিডিল, ২১০টি ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির জানায়, তার বিশালগড়ের নোয়াপাড়া এলাকার বাড়িতে আরও মাদকদ্রব্য মজুত রয়েছে। সেই সূত্র ধরে পুলিশ নোয়াপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে ৫৮টি প্লাস্টিক ভায়ালে রাখা হেরোইন উদ্ধার করা হয়। এরপর পুলিশ এনডিপিএস আইনের ২১সি, ২২এ, ২২বি, ২৫ ও ২৯ ধারায় মামলা রুজু করে। মামলাটি বিশালগড় থানার ১৪০/২০২২ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

পরবর্তীতে আদালতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। বিচার শেষে আদালত নাসির আহমেদকে দোষী সাব্যস্ত করে। এনডিপিএস আইনের ২১সি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২২বি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে।

এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা। তাদের মতে, এই দৃষ্টান্তমূলক সাজা সমাজে মাদকবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করবে। তবে বিশালগড় এলাকায় এখনও বহু নেশা কারবারি সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠছে। ফলে ভবিষ্যতে পুলিশ আরও কতটা সক্রিয়ভাবে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

For All Latest Updates

ভিডিও