Trinamool Congress Tripura : ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করল দলটি। বুধবার, ১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আগরতলার ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনের সামনে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে এদিন দলের পক্ষ থেকে সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আর্থিকভাবে দুর্বল ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত এক তৃণমূল কংগ্রেস নেতা বলেন, “আজ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। এই দিনে আমরা রাজ্যের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে আরও একবার পুনর্ব্যক্ত করলাম। ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য এই শীতবস্ত্র সামান্য হলেও উপকারে আসবে বলে আমরা আশা করি।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। রাজ্যের গরিব, অসহায় এবং সমস্যায় জর্জরিত মানুষের পাশে তৃণমূল কংগ্রেস নিজের সামর্থ্য অনুযায়ী সবসময় দাঁড়াবে এবং মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে যাবে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।



