খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 14 April 2026 - 12:38 AM
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ণ

TTADC Election 2026 : চাম্পাহাওর কেন্দ্রে ভোট বঞ্চনার অভিযোগ! উত্তেজনা ছড়াল ১৭ ও ১৮ নম্বর বুথে

TTADC Election 2026
1 minute read

TTADC Election 2026 : ত্রিপুরার চাম্পাহাওর কেন্দ্রের ১০ কুলাই এলাকায় ১৭ এবং ১৮ নম্বর বুথকে ঘিরে ভোট বঞ্চনার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রায় আড়াইশো বাঙালি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি।

স্থানীয়দের দাবি, সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ তারা যখন ভোট দিতে বুথের উদ্দেশ্যে রওনা হন, তখন কিছু উশৃঙ্খল ব্যক্তি তাদের পথ আটকে দেয়। শুধু তাই নয়, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদের ফিরে যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসনও কার্যকর ভূমিকা নিতে পারেনি। এমনকি বৈধ ভোটারদের ভোটদানে সহায়তা করতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য, যদি বৈধ ভোটাররা নিরাপদে ভোট দিতে না পারেন, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে।

এদিকে, অভিযোগকারীদের একাংশের দাবি, হামলাকারীরা ‘তিপ্রা মথা’র সমর্থক হতে পারে বলে তাদের সন্দেহ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দলের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর ক্ষুব্ধ ভোটাররা পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে, কেন এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

বর্তমানে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

For All Latest Updates

ভিডিও