Teliamura Ambulance Accident : আবারও বেপরোয়া গতির কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল তেলিয়ামুড়া। করুইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী একটি যাত্রীবাহী সবজি টমটমের সঙ্গে খোয়াই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় টমটমটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই এলাকাবাসীর তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন সুদীপ দেবনাথ, নয়ন দাস, পবন দেবনাথ এবং আরও এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।
ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। আহতদের দাবি, অ্যাম্বুলেন্স চালক বিমল দাস মদ্যপ অবস্থায় অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অ্যাম্বুলেন্সে চিকিৎসক অনির্বাণ ভৌমিকও উপস্থিত ছিলেন, যিনি খোয়াই থেকে একটি জরুরি বৈঠক সেরে ফিরছিলেন।
ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে চালক বিমল দাসকে ঘিরে। অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল—তেল চুরি থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো পর্যন্ত। সেই কারণে তাকে পূর্বে উত্তর মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছিল। তবে রহস্যজনকভাবে কয়েকদিন আগেই তাকে পুনরায় তেলিয়ামুড়ায় ফিরিয়ে আনা হয়।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন ওই চালককে পুনরায় দায়িত্বে আনা হলো এবং কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।



