Ranjit Debbarma High Court : অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে তিন মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এই নির্দেশ জারি হয়, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, অমরদীপ দেববর্মা এবং সাগর দেববর্মার দায়ের করা একটি জনস্বার্থ মামলার ভিত্তিতেই আদালতের এই পর্যবেক্ষণ। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ত্রিপুরাসহ দেশের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ স্পষ্ট নয়।
শুনানির সময় আদালত জানতে চায়, একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষ থেকে এ বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ নিয়েছে। সরকারি পক্ষ থেকে সন্তোষজনক উত্তর না মেলায় আদালত অসন্তোষ প্রকাশ করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী গৃহীত পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ তিন মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দেয়।
রায়ের পর বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, “দীর্ঘদিনের লড়াইয়ের পর আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছে, এতে আমরা সন্তুষ্ট। অনুপ্রবেশের মতো গুরুতর ইস্যুতে সরকারের জবাবদিহি প্রয়োজন ছিল।” তিনি আরও জানান, আগামী তিন মাস পরিস্থিতির দিকে নজর রাখা হবে এবং প্রয়োজন হলে পুনরায় আদালতের দ্বারস্থ হবেন।
পিটিশনারদের পক্ষ থেকে এই মামলায় সহায়তার জন্য অসিত দাসের ভূমিকাও উল্লেখ করা হয়। রঞ্জিত দেববর্মা স্পষ্ট করেন, যদি আদালতের নির্দেশে সন্তোষজনক পদক্ষেপ না দেখা যায়, তবে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছেন।
এই নির্দেশের পর এখন নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।



