Konaban Road News : ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে কৈয়াঢেপা-কোনাবন থেকে ঐতিহ্যবাহী কমলাসাগর মাতাবাড়ি পর্যন্ত যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার জনপ্রতিনিধি। কিন্তু অভিযোগ, ভোটে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি কার্যত ভুলে গিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে এই গুরুত্বপূর্ণ সড়ক। বিশেষ করে রাস্তার উপর থাকা একটি ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন দুই গ্রামের বাসিন্দারা।
রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে, চারচাকা গাড়ি কিংবা বাইক চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াত করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ পারাপার করতে হচ্ছে স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক ও সাধারণ পথচারীদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স কিংবা অন্য কোনও যানবাহন এলাকায় প্রবেশ করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে, রাস্তার বেহাল অবস্থার কারণে উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দিতেও সমস্যায় পড়ছেন স্থানীয় কৃষকরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো হলেও বাস্তবে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রতিবারই মিলেছে আশ্বাস, কিন্তু সংস্কারের কাজ আজও অধরা।
এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন দুই গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে ভাঙা ব্রিজ সংস্কার করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে জনপ্রতিনিধির ঘুম কবে ভাঙবে? আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে তাঁদের?






