Killa BJP Motha Riot : আবারও রাজনৈতিক হিংসার অভিযোগে উত্তপ্ত কিল্লা এলাকা। বিজেপি কর্মী বিথেশ জমাতিয়ার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিথেশ জমাতিয়া জানান, তিনি স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, তিপ্রা মাথা দলের কয়েকজন কর্মী তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল-ঘুষি মারতে থাকে। ঘটনায় তার চোখের নিচে ও মুখে গুরুতর আঘাত লাগে।
হাসপাতালের শয্যা থেকে তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার পরিচিত স্থানীয় ব্যক্তি এবং তাদের মধ্যে কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন। যদিও ভিডিওর অডিও স্পষ্ট না হওয়ায় নির্দিষ্টভাবে নামগুলি শোনা যায়নি। হামলার পেছনে সুনির্দিষ্ট কারণ তিনি জানাতে না পারলেও এটিকে পরিকল্পিত ও অতর্কিত আক্রমণ বলেই দাবি করেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, আহত অবস্থায় তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছেন এবং চিকিৎসকরা তার আঘাত পরীক্ষা করছেন। কথা বলতেও তাকে কষ্ট পেতে দেখা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।



