খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 3 April 2026 - 01:40 AM
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ - ০১:৪০ পূর্বাহ্ণ

Kalamchoura Ganja News : কলমচৌড়ায় অ্যান্টি নারকটিক শাখার অভিযানে ৩১৪ কেজি গাঁজা উদ্ধার! গ্রেফতার মূল অভিযুক্ত

Kalamchoura Ganja News
1 minute read

Kalamchoura Ganja News : রাজ্য পুলিশের অ্যান্টি নারকটিক শাখার তৎপরতায় কলমচৌড়া এলাকায় এক বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যান্টি নারকটিক শাখার এসপি শ্যামানন্দ শর্মার কাছে বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ একটি নির্ভরযোগ্য গোপন খবর আসে। ওই খবর অনুযায়ী, কলমচৌড়া থানার অন্তর্গত উত্তর কলমচৌড়া জুমের টিলা এলাকায় বাদল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং এনডিপিএস আইনের বিধান মেনে দ্রুত একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়।

এরপর অ্যান্টি নারকটিক শাখার আধিকারিকদের নেতৃত্বে, কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মন, থানার অন্যান্য পুলিশ সদস্য, টিএসআর এবং ৪১ ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে নির্দিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। জুমের টিলা মসজিদ সংলগ্ন বাদল মিয়ার বাড়ি চিহ্নিত করে সেখানে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরে মাটির নিচে পুঁতে রাখা মোট ১১টি প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো খুঁড়ে বের করার পর ঘটনাস্থলেই ওজন করা হলে দেখা যায়, মোট ৩১৪ কেজি শুকনো গাঁজা মজুত ছিল। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযান চলাকালীন অভিযুক্ত বাদল মিয়া পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় এবং উদ্ধার হওয়া গাঁজাসহ কলমচৌড়া থানায় নিয়ে আসা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় বাদল মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হচ্ছে। শুক্রবার তাকে সোনামুড়া আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

এই সফল অভিযানে মাদকবিরোধী লড়াইয়ে রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণিত হলো বলে মনে করছে স্থানীয় মহল।

For All Latest Updates

ভিডিও