Job Scammer Arrested : ত্রিপুরায় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের আসল নাম তাজউদ্দিন আলি, যদিও তিনি দীর্ঘদিন ধরে “দিলীপ সাহা” নামে ভুয়া পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে “কর্মবার্তা” নামে একটি পেজ খুলে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। বিশেষ করে Food Corporation of India (FCI)-তে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। অভিযোগ, ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে অন্তত সাড়ে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে। শনিবার এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার সময় ফাঁদ পেতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সেদিন আরও একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার পরিকল্পনাও ছিল তার।
গ্রেফতারের পর অভিযুক্তের মোবাইল ফোন খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানিয়েছে, তার ফোনে একাধিক ভুয়া নিয়োগপত্র, কথোপকথন এবং লেনদেনের প্রমাণ মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ২০ থেকে ২৫ জনের সঙ্গে যোগাযোগ রেখে প্রতারণা চালাতো সে। ইতিমধ্যেই দু’জন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, আরও অনেকে সামনে আসতে পারেন বলে অনুমান পুলিশের।
পুলিশের দাবি, অভিযুক্ত গত সাত-আট মাস ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল। সে ত্রিপুরায় এসে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় থাকত এবং সুযোগ বুঝে টাকা সংগ্রহ করে আবার সরে পড়ত।
এ ঘটনায় বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য, এখনও পর্যন্ত অভিযুক্ত অন্য কারও নাম স্বীকার করেনি, তবে তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার নামে যে সমস্ত পেজ বা বিজ্ঞাপন দেখা যায়, সেগুলির ওপর ভরসা করা বিপজ্জনক হতে পারে। কোনো সরকারি চাকরি পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়—টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সম্পূর্ণ প্রতারণা।
এই ঘটনায় পুনরায় স্পষ্ট, অনলাইনে প্রতারণার জাল কতটা বিস্তৃত হচ্ছে। তাই সচেতনতা এবং সতর্কতাই হতে পারে এমন প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায়।



