EX CM Manik Sarkar : কৃষ্ণনগরে আক্রান্ত বাম কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার। গত ১৩ নভেম্বর কৃষ্ণনগরের ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় বাম কর্মীরা প্রচারসজ্জা তৈরির কাজে ব্যস্ত থাকার সময় একদল দুষ্কৃতীর হামলার শিকার হন। দিনের আলোয় সংঘটিত এই হামলায় বেশ কয়েকজন বাম কর্মী গুরুতর আহত হন।
রবিবার আক্রান্ত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে ওই এলাকায় যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের শারীরিক ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ভূমিকা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।
এলাকায় স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রতিবাদের মুখে দুষ্কৃতীরা পিছু হটতে বাধ্য হয় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগের পাশাপাশি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এলাকার আদি ও পুরনো বিজেপি কর্মীদের একাংশও এই অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। সেই ভিন্ন মতাদর্শকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। কিন্তু দিনের আলোয় এ ধরনের হামলার ঘটনা এলাকায় নজিরবিহীন।
জানা গেছে, এই ঘটনায় বিজেপির একাংশের পুরনো ও বরিষ্ঠ কর্মীরাও দলের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের এই উদ্বেগের বিষয়টিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নজরে আসে।
তবে গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার প্রতিক্রিয়া নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেন মানিক সরকার। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, যিনি গোটা রাজ্যের মানুষের অভিভাবক, তিনি কীভাবে এমন একটি গুরুতর ঘটনাকে বিরোধীদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে উড়িয়ে দিতে পারেন, তা বোধগম্য নয়।
মানিক সরকারের মতে, রাজনৈতিক হিংসার মতো ঘটনা কোনওভাবেই হালকাভাবে দেখার বিষয় নয়। এর জবাব আগামী দিনে মানুষ ভোটের মাধ্যমে দেবে। সেই লক্ষ্যেই ঘরে ঘরে প্রস্তুতি চলছে বলেও নিজের প্রতিক্রিয়ায় জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।






