Dharmanagar By Election News : শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা উপনির্বাচন সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। তবে বাস্তবে সেই চিত্রের সম্পূর্ণ ব্যতিক্রম দেখা গেল ভোটের দিন। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, বিশেষ করে চণ্ডীপুর অঞ্চলে বুথের সামনে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন কিছু দুষ্কৃতী বুথের সামনে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। অভিযোগ, তাদের একাংশ শাসকদল বিজেপির সমর্থক। তারা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি সংবাদমাধ্যমের কাজেও বাধা সৃষ্টি করে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন তুলতেই তাঁদের হুমকির মুখে পড়তে হয়। কয়েকজন সাংবাদিককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তবে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় অভিযুক্তরা।
খবরে প্রতিবাদ এর সাংবাদিক সরাসরি জানিয়েছেন,
“আমরা তখন চণ্ডীপুর এলাকায় দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ আগেই বিজেপি মনোনীত প্রার্থী জয়ন্ত চক্রবর্তীর প্রতিক্রিয়া নিয়েছিলাম বুথের ভেতরে। পরে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বুথ থেকে বেরিয়ে এলে তাঁর বাইট নেওয়ার সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। সংবাদমাধ্যমকেও তারা লক্ষ্যবস্তু বানায়।”
ঘটনায় একজন মহিলা ও একজন পুরুষ দুষ্কৃতীর সক্রিয় ভূমিকা ছিল বলেও জানা গেছে। স্থানীয়দের মতে, এদিন বিশৃঙ্খলায় মহিলাদের অংশগ্রহণও চোখে পড়ার মতো ছিল।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, গোটা ঘটনার সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে।
নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে এমন ঘটনার জেরে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল। শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।



