Cantonment Road News : আগরতলার ভাটি অবনগর এলাকার ক্যান্টনমেন্ট রোড সংলগ্ন ইছামতী নদীর পাড়ে বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ ঘিরে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সদর মহকুমা শাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, নদীর পাড়ের সৌন্দর্যায়ন ও নদী পরিষ্কারকরণ প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে এলাকাটি খালি করতে হবে। সেই অনুযায়ী বাসিন্দাদের সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করে উচ্ছেদের নোটিশ পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। অভিযোগ, নোটিশটি ২৫ তারিখে জারি হলেও তা তাদের হাতে পৌঁছায় ৭ তারিখে, ফলে হাতে খুব কম সময় রয়েছে বিকল্প ব্যবস্থা খুঁজে নেওয়ার জন্য।
এলাকায় প্রায় ৮০ থেকে ৯০টি পরিবার বসবাস করে। ইতিমধ্যেই অনেকেই নোটিশ পেয়েছেন, বাকিরা এখনও পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে তারা আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন জমা দেন। বাসিন্দারা জানান, এত অল্প সময়ে তারা কোথায় যাবেন, তা নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
মেয়র তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাসম্ভব সহায়তার চেষ্টা করা হবে। তবে শেষ পর্যন্ত কী সমাধান হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ভাটি অবনগরের এই অসহায় পরিবারগুলি।



