Agartala Municipal Corporation : আগামী দুই দশকের জন্য আগরতলা স্মার্ট সিটিকে নতুন রূপ দিতে উদ্যোগী হয়েছে আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার নিগম ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে শহর উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়রসহ সমস্ত কর্পোরেটর, এমসি সদস্য, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পুর কমিশনার মিহির কান্তি গোপ ।
মেয়র জানান, বর্তমান জনসংখ্যার চাপ এবং শহরের ক্রমবর্ধমান ব্যবহার আগরতলাকে অতিরিক্ত চাপের মুখে ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন পরিষেবার জন্য রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ এখন আগরতলায় আসেন। ফলে সড়ক, পানি, ট্রাফিকসহ মৌলিক পরিষেবায় চাপ বাড়ছে। এই প্রেক্ষিতে আগামী ২০ বছরে শহরের সম্ভাব্য জনসংখ্যা, প্রয়োজন এবং অবকাঠামোগত চাহিদার ভিত্তিতে একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে নগর দপ্তরের উদ্যোগে।
এই খসড়া পরিকল্পনায় কোথায় নতুন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, শিল্পাঞ্চল, প্রস্তাবিত পার্ক অথবা গ্রিন জোন তৈরি করা হবে—সবই প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। শহরের যানজট কমাতে নতুন রাস্তা, রুট রেশনালাইজেশন এবং পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগামী দুই দশকে বিশুদ্ধ পানীয় জল, ট্রাফিক নিয়ন্ত্রণ, নগর পরিষেবা সম্প্রসারণের মতো মৌলিক সুবিধাগুলি নিশ্চিত করার রূপরেখা প্রস্তুত হচ্ছে। জনগণের মতামত সংগ্রহের জন্য নোটিফিকেশন জারি হলে এক মাসের মধ্যে দাবি-আপত্তি গ্রহণ করা হবে।
বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেন মেয়র। রাজ্য সরকারের নগর উন্নয়ন প্রকল্পের অধীনে পুর নিগমকে ৩৯ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ ব্যয় হবে মেটেরিয়াল কম্পোনেন্টে এবং বাকিটা লেবার কম্পোনেন্টে। এই অর্থ থেকে প্রতিটি ওয়ার্ডকে ৫০ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলি দ্রুত সমাধান করা যায়। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বারোটি বিশেষ মেন্ডেজ বা ছোট উন্নয়নমূলক প্রকল্পও ঘোষণা করা হয়েছে।
মেয়র দীপক মজুমদার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্থ বরাদ্দ এবং পরিকল্পনা কার্যকর হলে আগরতলা আগামী দিনের একটি সুসংগঠিত, চাপমুক্ত এবং আধুনিক শহর হিসেবে গড়ে উঠবে।



