খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 24 November 2026 - 09:42 PM
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ - ০৯:৪২ অপরাহ্ণ

Sonamura News : কংগ্রেস কর্মীদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা, সোনামুড়া বাজারে তুমুল উত্তেজনা

Sonamura News
1 minute read

Sonamura News : পুলিশের আগাম অনুমতি নিয়ে নির্বাচনী প্রচারসভা করতে গিয়েও বাধার মুখে পড়লেন সোনামুড়া জেলা কংগ্রেস কর্মীরা। সভা চলাকালীন বহিঃরাজ্যের একটি গাড়ি দিয়ে উপস্থিত কংগ্রেস কর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সোনামুড়া বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পিছনে শাসকদল বিজেপির কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস শিবির। যদিও গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি কর্মীরা।

জানা গেছে, সোনামুড়া বাজারে বিজেপির জেলা কার্যালয়ের ঠিক পাশেই পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়ে নির্বাচনী প্রচারসভার আয়োজন করেছিল জেলা কংগ্রেস। সভা চলাকালীন আচমকাই একটি বহিঃরাজ্যের গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ওই গাড়ি দিয়ে সভায় উপস্থিত কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করা হয়। এর পরপরই বিজেপি দলের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে এসে সভায় বাধা সৃষ্টি করেন এবং জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনামুড়া থানার ওসি তাপস দাস। তাঁর সামনেই কংগ্রেস ও বিজেপি দলের কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিবাদ শুরু হয়। দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুই দলের কর্মীদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ অব্যাহত থাকে।

অন্যদিকে, বিজেপি কর্মীদের বক্তব্য, বিরোধী কংগ্রেস শিবির ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই বিজেপির জেলা কার্যালয়ের সামনে সভার আয়োজন করেছে। তাঁদের প্রশ্ন, সংবিধানের কোথাও এ ধরনের নীতি নেই। তাহলে কেন বিজেপির কার্যালয়ের ঠিক সামনে সভা করে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করা হলো? পাশাপাশি গাড়ি দিয়ে কংগ্রেস কর্মীদের চাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তাঁরা অস্বীকার করেন।

সব মিলিয়ে সোনামুড়া বাজারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। পুলিশের অনুমতি নিয়ে সভা করতে গিয়েও কেন কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়তে হলো, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গোটা ঘটনায় দুই পক্ষের অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

For All Latest Updates

খাস খবর