খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 23 November 2026 - 10:48 PM
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ণ

Melaghar CPIM News : মেলাঘরে বামেদের নির্বাচনী মিছিল ও সমাবেশ, গণতন্ত্র রক্ষায় নির্ভয়ে ভোটদানের আহ্বান মানিক দে-র

Melaghar CPIM News
1 minute read

Melaghar CPIM News : আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মেলাঘরে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করল বামফ্রন্ট। সিপিআই(এম) মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আয়োজিত বিশাল মিছিল ও নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে মেলাঘর এলাকায় রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পেয়েছে।

মেলাঘর পৌরসভার ১৩টি ওয়ার্ডে সিপিআই(এম) মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত হয় এই মিছিল। বিভিন্ন স্লোগান ও নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। পরবর্তীতে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে। এছাড়াও বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক শ্যামল চক্রবর্তী। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাসকদল বিজেপির তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সামান্য পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেও শাসকদল গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোনও ধরনের ভয়ভীতিতে পিছিয়ে না থেকে প্রত্যেক ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান মানিক দে।

পাশাপাশি গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত মেলাঘর পৌর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এই সময়ে এলাকার উন্নয়ন কতটা হয়েছে এবং পৌর পরিষদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বাস্তবতা কী, তা সাধারণ মানুষ ভালোভাবেই জানেন। তাই আসন্ন নির্বাচনে বিকল্প চিন্তাভাবনা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।অন্যদিকে, শ্যামল চক্রবর্তীও বক্তব্যের মাধ্যমে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।


সব মিলিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেলাঘরে বামেদের এই মিছিল ও সমাবেশ নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, বাম নেতৃত্বের এই আহ্বান ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে।

For All Latest Updates

খাস খবর