Matabari BJP Upo Prodhan : গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করতে বসেছিলেন জনপ্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পরিকল্পনা ও আলোচনা। কিন্তু সেই সভাই পরিণত হলো উত্তেজনা ও হামলার ঘটনায়! বিরোধী দলের নয়, এবার অভিযোগের আঙুল উঠল স্বদলীয়দের বিরুদ্ধেই। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মাতাবাড়ি আর.ডি. ব্লকের অধীন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন উপপ্রধান উত্তম দাস (৩৯)। বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গ্রামের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে একটি আলোচনা সভা চলছিল। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী সভাস্থলে এসে উপপ্রধান উত্তম দাসের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। শুধু উপপ্রধানকেই নয়, উপস্থিত অন্যান্য পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রশ্ন উঠছে, একটি গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরীণ আলোচনা সভায় যদি জনপ্রতিনিধিরাই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় বিরোধী কোনও রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ নয়, বরং স্বদলীয়দের মধ্যেকার বিবাদ ও গোষ্ঠীকোন্দলের দিকেই উঠছে অভিযোগের আঙুল। তাহলে কি পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের অন্দরে ক্ষমতা ও কর্তৃত্ব দখলের লড়াই ক্রমশ সংঘাতের চেহারা নিচ্ছে? উন্নয়নমূলক কাজের আলোচনা সভাতেও কি সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষ ছড়িয়ে পড়ছে?
এদিকে, আহত উপপ্রধান উত্তম দাস চিকিৎসাধীন অবস্থায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে পূর্ব কুঞ্জবনের জুটন সরকার এবং কুঞ্জবনের লিটন দাসের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। জনপ্রতিনিধির উপর হামলার অভিযোগে পুলিশ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
রাজনীতির ময়দানে বিরোধীদের মোকাবিলা করার আগেই যদি নিজেদের দলের জনপ্রতিনিধিদের মধ্যে সংঘাত সামাল দেওয়া না যায়, তাহলে উন্নয়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে ? মাতাবাড়ির পূর্ব কুঞ্জবনের এই ঘটনা ফের সামনে এনে দিল রাজনৈতিক গোষ্ঠীকোন্দলের এক অস্বস্তিকর ছবি।






