খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 November 2026 - 04:57 AM
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ - ০৪:৫৭ পূর্বাহ্ণ

Teliamura Hospital News : প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ! তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ

Teliamura Hospital News
1 minute read

Teliamura Hospital News : সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের কাঠগড়ায় ত্রিপুরার স্বাস্থ্য দফতর! এবার প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা এক গর্ভবতী মহিলাকে সময়মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার গুরুতর অভিযোগ উঠল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘক্ষণ যন্ত্রণায় কাতর হয়ে সাহায্যের জন্য চিৎকার করলেও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত হাসপাতালের পরিষেবায় ক্ষুব্ধ হয়ে ওই মহিলাকে হাসপাতাল থেকে বের করে আনেন তাঁর আত্মীয়স্বজন। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার বিবরণে জানা যায়, বহিরাজ্যের ইটভাটার শ্রমিক চনচন দেবী প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বারবার চিকিৎসার জন্য আকুতি জানালেও কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি বলে দাবি পরিবারের।

সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, ওই মহিলা দরিদ্র দিনমজুর পরিবারের সদস্য হওয়ায় এবং তাঁর পোশাক-পরিচ্ছদ অপরিচ্ছন্ন থাকায় চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। এমনকি শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার অজুহাতেও তাঁকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পরিবারের দাবি, সকালে হাসপাতালে নিয়ে আসার সময় স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবশ্রী দাস উপস্থিত ছিলেন। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ ইমার্জেন্সি বিভাগে অন্য এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকও দায়িত্বে ছিলেন বলে জানা যায়। তাহলে চিকিৎসক উপস্থিত থাকা সত্ত্বেও কেন প্রসব যন্ত্রণায় কাতর একজন মহিলাকে সময়মতো প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হলো না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।

হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আত্মীয়স্বজনেরা শেষ পর্যন্ত চনচন দেবীকে বাইরে নিয়ে এসে হাসপাতালের সামনেই অবস্থান করেন। বিষয়টি সাংবাদিকদের নজরে আসার পর তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে ফোনে অভিযোগ জানানো হয়। এরপর স্বাস্থ্য দফতরের তৎপরতায় হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং ওই মহিলাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে রোগীর আর্থিক অবস্থা, পেশা কিংবা পোশাক-পরিচ্ছদ কি কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে? প্রসব যন্ত্রণায় কাতর একজন মহিলার চিকিৎসায় কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো ?

সরকারি হাসপাতাল তো দরিদ্র ও অসহায় মানুষের শেষ ভরসা। সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অত্যন্ত গুরুতর। এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। অন্যথায় সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা আরও গভীর সংকটের মুখে পড়বে।

For All Latest Updates

খাস খবর