খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 November 2026 - 04:57 AM
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ - ০৪:৫৭ পূর্বাহ্ণ

Sudip Roy Barman : ভোটের আগেই উত্তপ্ত ত্রিপুরা, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সুদীপ রায় বর্মণ

Sudip Roy Barman
1 minute read

Sudip Roy Barman : পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন ঘিরে ভোটের আগেই কার্যত রাজনৈতিক সংঘাতের আবহ ত্রিপুরায়! শাসক বিজেপির বিরুদ্ধে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মনোনয়ন জমায় বাধা, নির্বাচনী প্রচারে হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের একের পর এক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, ভোটের ময়দানে রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। আর এই পরিস্থিতিতেই বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত রণংদেহি মেজাজে সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আগামী ২৭ তারিখ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ। রাজধানী আগরতলার ৫১টি ওয়ার্ড-সহ একাধিক পুর ও নগর এলাকায় ভোটের দামামা বেজে উঠলেও নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে বলে অভিযোগ বিরোধীদের। কোথাও মনোনয়ন জমা দিতে বাধা, কোথাও প্রচারে বেরিয়ে হামলা, আবার কোথাও প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ। ফলে ভোটের দিন সাধারণ মানুষ আদৌ নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়েই উঠছে বড়সড় প্রশ্ন।

এই অভিযোগগুলিকে সামনে রেখেই সোমবার কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসকের দ্বারস্থ হয়। বিরোধী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে নির্বাচনী প্রচারের সুযোগ দেওয়া এবং অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা। শুধু তাই নয়, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও জানায় কংগ্রেস।

কিন্তু অভিযোগ, জেলাশাসকের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। জেলাশাসকের দপ্তরের বাইরেই বিক্ষোভে বসে পড়েন তাঁরা। সেখান থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর বক্তব্যে উঠে আসে বিরোধীদের নিরাপত্তা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজ্যের নির্বাচনী গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ।

কংগ্রেসের প্রশ্ন, ভোট যদি সত্যিই গণতন্ত্রের উৎসব হয়, তবে বিরোধী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এত অভিযোগ কেন ? নির্বাচনের আগে থেকেই যদি ভয়ভীতি ও হামলার অভিযোগ ওঠে, তাহলে ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে ? এখন দেখার, বিরোধীদের এই অভিযোগে প্রশাসন ও নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, নাকি অভিযোগের পাহাড় জমলেও নির্বিকারই থেকে যায় প্রশাসন!

For All Latest Updates

খাস খবর