Kumarghat CPIM Congress : আসন্ন পৌর পরিষদ নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে কুমারঘাটে জোটবদ্ধভাবে নির্বাচনী ময়দানে নেমেছে বামফ্রন্ট ও কংগ্রেস। আসন সমঝোতার ভিত্তিতে ইন্ডিয়া মঞ্চের ব্যানারে নির্বাচনে লড়ছে দুই দল। শনিবার নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে কুমারঘাট শহরে অনুষ্ঠিত হয় যৌথ মিছিল ও নির্বাচনী সভা।
কুমারঘাট পৌর পরিষদের মোট ১৫টি আসনের মধ্যে বামফ্রন্ট ৯টি এবং কংগ্রেস ৬টি আসনে প্রার্থী দিয়েছে। শনিবার কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন দুই দলের প্রার্থী, কর্মী ও সমর্থকরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের ঊনকোটি জেলা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব, কংগ্রেসের জেলা কার্যকরী কমিটির সভাপতি সত্যবান দাস, প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকারসহ অন্যান্য নেতৃত্ব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন কুমার বৈষ্ণব অভিযোগ করেন, বিগত পৌর পরিষদ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সেই কারণেই বিজেপি পুরনো প্রার্থীদের পরিবর্তে নতুন মুখ সামনে এনেছে। পাশাপাশি জোটের প্রচারে মানুষের ব্যাপক সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি। বিজেপিকে পরাস্ত করতে সমস্ত বিজেপি-বিরোধী শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেস নেতা সত্যবান দাস জানান, বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। ইন্ডিয়া মঞ্চ পৌর পরিষদ গঠনে সক্ষম হলে এলাকার উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ এবং বিভিন্ন পৌর করের ক্ষেত্রে ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাম ও কংগ্রেসের এই জোট ঘিরে কুমারঘাটের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আগামী ২৭ নভেম্বরের নির্বাচনে এই জোট বিজেপিকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।






