RanirBajar BJP News : রানীরবাজারে বিজেপি নেতা মানিক দেবনাথের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। তাঁর আতঙ্কে গত ছয় দিন ধরে ঘরছাড়া হয়ে রয়েছেন বিজেপি সমর্থিত একটি পরিবার। বর্তমানে তাঁরা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাড়িতে ফিরলেই প্রাণহানির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ তারিখ রানীরবাজারের দেবীনগর এলাকায় একটি বিবাদকে কেন্দ্র করে ওই পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে মানিক দেবনাথ ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ, হামলার পর থেকেই পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি বাড়িতে ফিরে গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি নির্যাতিতদের।
ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বাধ্য হয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুবিচারের আশায় ইতিমধ্যেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন। কিন্তু অভিযোগ, ঘটনার প্রায় ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত মানিক দেবনাথ এখনও পুলিশের নাগালের বাইরে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যই বিজেপি দলের সমর্থক বলে জানা গেছে। একই দলের সমর্থক হওয়া সত্ত্বেও কেন তাঁদের উপর এই ধরনের আক্রোশ, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
বিজেপি শাসিত রাজ্যে, এমনকি মন্ত্রী সুশান্ত চৌধুরীর এলাকায় বসবাস করেও কেন একটি পরিবার নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারছে না, সেই প্রশ্নও সামনে এসেছে। শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন নির্যাতিত পরিবারের সদস্যরা। তাঁদের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং তাঁরা যেন পুনরায় নিজেদের বাড়িতে ফিরে শান্তিতে বসবাস করতে পারেন, তার ব্যবস্থা করা হোক।






