Belonia Fire Service News : মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে এবার দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়ার নেতাজি সুভাষনগর পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িচালকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে কয়েকজন ব্যক্তি। একপর্যায়ে চালককে মারধরের চেষ্টা করা হয় এবং তাঁর গলা চেপে ধরারও অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িটি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে শুভম ও সুমির নামে দুই ভাইকে আটক করা হয়। অগ্নিনির্বাপক দপ্তরের পক্ষ থেকেও অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে এই ঘটনা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। বিপদের সময় যাঁরা মানুষের জীবন বাঁচাতে ছুটে যান, তাঁদেরই যদি এভাবে আক্রমণের শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে জরুরি পরিষেবার কাজে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়।







