খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 19 October 2026 - 07:21 PM
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ - ০৭:২১ অপরাহ্ণ

Mayor Dipak Majumder : উৎসবের আয়োজন নাকি প্রচারের মঞ্চ? পোস্টারে ঢেকেছে আগরতলা

Mayor Dipak Majumder
1 minute read

Mayor Dipak Majumder : দুর্গোৎসবের আবহে রাজধানী আগরতলা শহরজুড়ে এখন পুজোর সাজসজ্জার পাশাপাশি চোখে পড়ছে বড় বড় পোস্টার। আর সেই পোস্টারগুলির একটি বড় অংশজুড়েই দেখা যাচ্ছে মেয়র দীপক মজুমদারের ছবি। ফলে শহরবাসীর একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে—এগুলি কি শুধুই পুজোর শুভেচ্ছাবার্তা, নাকি উৎসবের আবহে রাজনৈতিক প্রচারেরও এক অভিনব কৌশল?

রাজধানীর বিভিন্ন পুজোমণ্ডপ, রামনগরসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মেয়রের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার চোখে পড়ছে। বিশেষ করে ৭ রামনগর এলাকার অন্যতম বৃহত্তর পুজো উদ্যোক্তা সংহতি ক্লাবের সম্পাদকও মেয়র দীপক মজুমদার। ফলে নিজের এলাকার পুজোকে ঘিরে তাঁর উপস্থিতি এবং পোস্টারিং নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও কটাক্ষ।

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে যখন শহরবাসী ধর্মীয় আবেগ, আনন্দ ও মিলনমেলায় ব্যস্ত, তখন সর্বত্র রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দিয়ে শহর ঢেকে ফেলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁদের বক্তব্য, পুজোর শুভেচ্ছা জানাতে পোস্টার লাগানো এক বিষয়, কিন্তু উৎসবের আবহে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের এমন বাড়বাড়ন্ত অন্য বিষয়।

আরও একটি প্রশ্ন ঘুরছে শহরবাসীর মধ্যে—এই বিপুল পোস্টার, ব্যানার ও প্রচারের খরচের উৎস কী? যদি এগুলি ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে হয়ে থাকে, তাহলে তার স্বচ্ছতা কতটা? আর যদি কোনও সরকারি অর্থের ব্যবহার হয়ে থাকে, তাহলে সেই অর্থের হিসাবই বা কী?

কটাক্ষকারীদের আরও বক্তব্য, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি, যানজট, পানীয় জলসহ নিত্যদিনের একাধিক সমস্যা এখনও মানুষের ভোগান্তির কারণ। সেই সমস্যাগুলির সমাধানের বদলে যদি পোস্টারেই বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।

সামনেই ভোটের আবহ। তাই শহরবাসীর একাংশের কটাক্ষ—পুজোর মণ্ডপ থেকে শহরের দেওয়াল, সর্বত্র ছবি যখন একই মুখের, তখন কি পোস্টারের জোরেই ভোট বৈতরণী পার হওয়ার প্রস্তুতি চলছে? নাকি এটি নিছক উৎসবের শুভেচ্ছা? উত্তর দেবে সময়ই।

For All Latest Updates

খাস খবর