Bishalgarh OC Closed : প্রায় তিন কেজি স্বর্ণ লোপাটের অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ চার পুলিশকর্মীকে ক্লোজ করেছে স্বরাষ্ট্র দপ্তর। অভিযুক্তদের মধ্যে রয়েছেন থানার ওসি বিজয় দাস, সেকেন্ড ওসি সুপ্রিতম দেব, এসআই বাণিজয় রিয়াং এবং কনস্টেবল বাহার মিয়া। একই ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারিতে। অভিযোগকারী মেলাঘরের বাসিন্দা বিল্লাল মিয়া পরিবারের এক অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য পারিবারিক স্বর্ণালঙ্কার বিক্রির উদ্দেশ্যে আগরতলার দিকে যাচ্ছিলেন। ২১ ফেব্রুয়ারি বিশালগড় কলেজের কাছে তাঁর গাড়ি পুলিশ আটকায়। অভিযোগ, গাড়িতে থাকা প্রায় ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ তাঁদের প্রথমে একটি চা-বাগান এলাকায় এবং পরে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগকারীর দাবি, দীর্ঘ সময় থানায় রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর গাড়িতে থাকা স্বর্ণ আর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সোনামুড়া থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। পরে সিপাহিজলা জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়। সেখান থেকেও প্রত্যাশিত প্রতিকার না পেয়ে বিল্লাল মিয়া ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন।
মামলার শুনানি শেষে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অভিযোগটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেয়। তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র আধিকারিকের হাতে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। আদালতের নির্দেশের পরই সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া এগোয়।
এদিকে স্বরাষ্ট্র দপ্তরের ক্লোজের সিদ্ধান্তের পর পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্বর্ণ লোপাটের অভিযোগের সত্যতা, স্বর্ণের বর্তমান অবস্থান এবং ঘটনায় প্রত্যেকের ভূমিকা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়। এখন তদন্ত কোন পথে এগোয় এবং অভিযোগের প্রকৃত সত্য কীভাবে সামনে আসে, সেদিকেই নজর রয়েছে।






