খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 25 August 2026 - 01:32 AM
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ - ০১:৩২ পূর্বাহ্ণ

১৩ প্রতাপগড়ে বাম বিধায়ক রামু দাসের হাত ধরে উন্নয়নের জোয়ার

১৩ প্রতাপগড়ে বাম বিধায়ক রামু দাসের হাত ধরে উন্নয়নের জোয়ার
1 minute read

১৩ প্রতাপগড়ে বাম বিধায়ক রামু দাসের হাত ধরে উন্নয়নের জোয়ার : দীর্ঘদিনের বঞ্চনার অবসান! অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাগুলি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিধায়ক রামু দাস দায়িত্ব নেওয়ার পর সেই কাজই ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বশাক পাড়ায় ৬৫ মিটার দীর্ঘ আরসিসি রাস্তা নির্মাণে খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। কবিরাজ টিলা এলাকায় ৮২ মিটার রাস্তা সংস্কারে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৩০ হাজার টাকা। পাশাপাশি প্রতাপগড় স্ট্যালিন মিলনি এলাকায় ৫২ মিটার দীর্ঘ রাস্তা ড্রেন-সহ সংস্কার করা হয়েছে। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা।

রাস্তা সংস্কারের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে বর্ষার সময় কাদাজল ও ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হতো, তা অনেকটাই কমবে বলে আশাবাদী তারা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, পূর্বতন বিজেপি বিধায়কের সময়েও এই রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তা বাস্তবায়িত হয়নি। রামু দাস বিধায়ক হওয়ার পর এলাকার রাস্তা-ঘাট ও পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।

এলাকার মানুষের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে বিধায়ক রামু দাসের উদ্যোগ প্রশংসনীয় বলেই মনে করছেন তাঁরা।

তবে উন্নয়নমূলক কাজে একটি মহল বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। যদিও সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মানুষের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিধায়ক রামু দাস। তাঁর দাবি, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান করাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী দিনেও বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে প্রতাপগড়ের বিভিন্ন এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা স্থানীয়দের।

For All Latest Updates

খাস খবর