খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 24 August 2026 - 02:54 AM
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ - ০২:৫৪ পূর্বাহ্ণ

বাম বিধায়কের নাম মুছে দিতে সরকারি ফলক ভাঙচুর দুষ্কৃতী কারীদের

বাম বিধায়কের নাম মুছে দিতে সরকারি ফলক ভাঙচুর দুষ্কৃতী কারীদের
1 minute read

বাম বিধায়কের নাম মুছে দিতে সরকারি ফলক ভাঙচুর দুষ্কৃতী কারীদের : আগরতলার ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের ফলক ভাঙাকে কেন্দ্র করে অসন্তোষ বিরাজ মান স্থানীয়দের মাঝেই। বাম বিধায়ক রামু দাসের অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়তে হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বিধায়কের উদ্যোগে বা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আওতায় কোনো কাজ সম্পন্ন হলে সেখানে সংশ্লিষ্ট বিধায়কের নাম উল্লেখ করে ফলক বসানো হয়। কিন্তু প্রতিহিংসাবশত সেই ফলকগুলিই ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

রবিবার প্রতাপগড় বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে এমনই কয়েকটি ভাঙা ফলকের চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। জানা গেছে, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতাপগড় বিধানসভা এলাকায় প্রায় ১২ থেকে ১৩টি রাস্তার পাশে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ার পর বিধায়ক রামু দাসের নামে ফলক বসানো হয়েছিল। অভিযোগ, এর মধ্যে অধিকাংশ ফলকই দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে।

বিধায়ক রামু দাসের দাবি, বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণে তাঁর নাম কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে থাকুক, তা মেনে নিতে পারছেন না বিজেপি আশ্রিত কিছু সমাজবিরোধী। সেই কারণেই পরিকল্পিতভাবে ফলকগুলি ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিধায়কের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত সরকারি সম্পত্তি নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকার মানুষের জন্য যে কাজগুলি করা হয়েছে, সেগুলির পরিচয় বহনকারী ফলক ভেঙে ফেলে দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব পড়ে।

এদিকে, ফলক ভাঙার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি ভবিষ্যতে যাতে সরকারি উন্নয়নমূলক কাজের ফলক নষ্ট না করা হয়, সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ঘটনায় কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

For All Latest Updates