কদমতলায় জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ, তেলিয়ামুড়ায় ABVP-র বিক্ষোভ : স্বাধীনতা দিবসের দিন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকায় একটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার অভিযোগকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। ABVP-র অভিযোগ, ১৫ আগস্ট পতাকা উত্তোলনের সময় তাদের কার্যকর্তাদের বাধা দেওয়া হয় এবং তাঁদের ওপর হামলাও চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে এবার তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিল বের করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
মঙ্গলবার ABVP-র তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র মাঠ থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে সংগঠনের কার্যকর্তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি পরিক্রমা করেন। পরে মিছিলটি অম্পি চৌমুহনি এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ABVP-র তেলিয়ামুড়া নগর শাখার সম্পাদক তথা খোয়াই জেলার সংযোজক বিপ্রজিত দাস-সহ সংগঠনের একাধিক নেতৃত্ব ও কার্যকর্তা। মিছিল থেকে কদমতলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ABVP নেতা বিপ্রজিত দাস অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া এবং কার্যকর্তাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁর দাবি, এই ঘটনার পিছনে সিপিআইএমের সন্ত্রাস বাহিনী জড়িত। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি।
বিপ্রজিত দাস আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রশ্নে সংগঠন কোনও আপস করবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
কদমতলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তারই মধ্যে তেলিয়ামুড়ায় ABVP-র এই বিক্ষোভ নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সকলের।






