Agartala Foreign liquor : গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানা ও গোল বাজার ফাঁড়ির যৌথ উদ্যোগে পরিচালিত মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পুলিশ। অভিযান চলাকালীন নেতাজি সুভাষ রোড এলাকা থেকে ২৯০ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম কমলেশ বলে জানা গেছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা।
এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, বুধবার রাতে আনুমানিক সাড়ে আটটা নাগাদ কুমারঘাট থানার স্টাফ, মহকুমা পুলিশ অফিসার, সাব-ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দেবনাথসহ অন্যান্য পুলিশ কর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মদগুলি বাজেয়াপ্ত (সিজ) করা হয়।
এর পাশাপাশি, একই দিনে দুপুরে আরালিয়া বাজার এলাকাতেও আরও একটি পৃথক অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রায় ১৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাজুড়ে মাদক ও অবৈধ মদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। প্রতিদিন সকাল ও বিকেলে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণে মাদক উদ্ধার করা হচ্ছে।
ওসি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সহযোগিতায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। পুলিশের এই ধারাবাহিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটছে বলে মনে করা হচ্ছে।



