খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 28 March 2026 - 09:43 PM
শনিবার, ২৮ মার্চ ২০২৬ - ০৯:৪৩ অপরাহ্ণ

Amtali Ps News : ১৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ! দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী

Amtali Ps News
1 minute read

Amtali Ps News : আমতলী থানার অন্তর্গত সেকেরকোট সুভাষ কলোনি এলাকায় ভাড়াবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন দুই সন্তানের জননী সুপর্ণা দাস। গত ১৪ দিন ধরে তাঁর কোনো খোঁজ না মেলায় চরম উদ্বেগে রয়েছেন পরিবার। এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সাহায্যের আবেদন জানিয়েছেন নিখোঁজ গৃহবধূর স্বামী সুজিত সরকার।

শনিবার সকালে নিজের বাড়ি বিশ্রামগঞ্জের চেছূড়িমাই এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সরকার জানান, গত ১৪ তারিখ থেকে তাঁর স্ত্রী নিখোঁজ। তারপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, “আমি দুইটা ছোট বাচ্চা নিয়ে খুবই বিপদের মধ্যে আছি। একজন আড়াই বছরের, আরেকজন পাঁচ বছরের। ওদের দেখাশোনা করাও এখন আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

পেশায় রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করা সুজিতের দাবি, আমতলী থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর কথায়, “থানায় জানালেও কোনো রকম সাহায্য পাইনি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে আমার স্ত্রীকে খুঁজে বের করুক।”

পরিবার সূত্রে জানা গেছে, সেকেরকোটের নেতাজি সুভাষ কলোনিতে ভাড়া থাকতেন তারা। সংসারে কোনো ধরনের অশান্তি বা বিবাদের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন সুজিত। হঠাৎ করে সুপর্ণা দাসের নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। দুই ছোট সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। নিখোঁজ গৃহবধূকে দ্রুত উদ্ধার করতে পুলিশ কতটা সক্রিয় ভূমিকা নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

For All Latest Updates

ভিডিও