খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 March 2026 - 09:29 PM
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ - ০৯:২৯ অপরাহ্ণ

Bishalgarh News : পুলিশের লাথিতে ব্রিজ থেকে পড়ে গুরুতর জখম যুবক, বিশালগড়ে চাঞ্চল্য

1 minute read

Bishalgarh News : বিশালগড়ে পুলিশের বিরুদ্ধে এক যুবককে মারধর করে ব্রিজের নিচে ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার রাতে শিখরিয়া মেলা চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, কিশোর দেবনাথ নামের এক যুবক তার কয়েকজন বন্ধুর সঙ্গে মেলার কাছে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে আচমকাই তাদের দিকে ধেয়ে আসে। অভিযোগ, পুলিশের এক সদস্য কিশোরকে লাথি মারলে তিনি ব্রিজের উপর থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর কিশোরের বন্ধুরাই দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

আহতের বন্ধুদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অকারণ। তাদের কথায়, “রাত তখন মাত্র আটটা নাগাদ। আমরা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ পুলিশ এসে কোনো কথা না বলেই আমাদের বন্ধুকে লাথি মেরে ফেলে দেয়।” তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ কোনো সাহায্য না করে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আহত কিশোর দেবনাথ ও তার পরিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এখন নজর জেলা পুলিশ সুপারের পদক্ষেপের দিকে—এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

For All Latest Updates

ভিডিও