BJP party Office Attacked : শহরে ফের অশান্তির ঘটনা। প্রতাপগড় ব্রিজের সামনে অবস্থিত বিজেপির একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি পার্টি অফিসে আগের রাতে রক্ষা কালীমার পুজোর আয়োজন করা হয়েছিল। বুধবার সকালে মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য দলের কর্মী ও সমর্থকেরা হাওড়া নদীতে যান। অভিযোগ, নিরঞ্জন শেষে পার্টি অফিসে ফেরার সময় তাঁরা দেখতে পান, অতর্কিতভাবে বেশ কয়েকজন বহিরাগত দুষ্কৃতিকারী একসঙ্গে বহু বাইক নিয়ে এসে অফিসে হামলা চালায়।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রায় ২০ থেকে ২৫টি মোটরবাইক নিয়ে ২৫-৩০ জন দুষ্কৃতিকারী পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র, বাইরের চেয়ার এবং সেখানে রাখা ১০-১৫টি বাইক ভেঙে ফেলা হয়। হামলার সময় দলের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়, কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে এটি পরিকল্পিত হামলা এবং এর পিছনে বিরোধী শক্তির উস্কানি থাকতে পারে বলে তাঁদের অভিযোগ। দলের দাবি, শাসক দলের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের বিষয় নয় এটি, বরং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
বিজেপি নেতৃত্ব প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি তাঁরা জানান, এই ধরনের হামলায় তাঁরা দমে যাওয়ার নয়। সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আগের মতোই চালিয়ে যাওয়া হবে।



