STGT 2022 Protest : প্রায় চার বছর অতিক্রান্ত হলেও ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ না হওয়ায় চরম হতাশায় ভুগছেন পরীক্ষার্থীরা। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিবাদে বুধবার ঠান্ডা উপেক্ষা করে আগরতলার শিক্ষা ভবনে বিক্ষোভে সামিল হন তাঁরা।
পরীক্ষার্থীদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার দপ্তরে আসা-যাওয়া করেও কোনও স্পষ্ট উত্তর পাচ্ছেন না তাঁরা। এদিন বিক্ষোভকারীরা টিআরবিটি (TRBT) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি উপস্থিত না থাকায় পরীক্ষার্থীরা কন্ট্রোলার অফ এক্সামিনেশন শশাঙ্ক ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন।
এক পরীক্ষার্থী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “২০২২ সাল থেকে আমরা শুধু আসছিই, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের দোষটা কোথায়? আমরা বিএড করেছি, যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়েছি। তাহলে কেন আমাদের ঝুলিয়ে রাখা হচ্ছে?” তাঁর আরও অভিযোগ, ফলাফল প্রকাশ না করেই আবার একই এসটিজিটি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
পরীক্ষার্থীদের বক্তব্য, তাঁরা ইতিমধ্যেই একবার কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন এবং পাশও করেছেন বলে আশা রাখেন। কিন্তু ফলাফল না জানিয়ে আবার একই পরীক্ষা দিতে বলা হলে তা মানসিক ও আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। “এটা কোনও ছোটখাটো পরীক্ষা নয়। সীমিত সিলেবাস হলেও প্রস্তুতি নিতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তাহলে একই পরীক্ষা বারবার কেন দিতে হবে?”—প্রশ্ন তাঁদের।
বিক্ষোভকারীদের দাবি, ফলাফল প্রকাশ করা তাঁদের সাংবিধানিক অধিকার। দীর্ঘ চার বছরেও যদি একটি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে সেই পরীক্ষা দেওয়ার কোনও অর্থ থাকে না বলেও তাঁরা মন্তব্য করেন। পরীক্ষার্থীরা অবিলম্বে ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
এদিন তাঁরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়ে বলেন, যোগ্য পরীক্ষার্থীদের কথা ভেবে দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হোক। তাঁদের সাফ বক্তব্য, রেজাল্টের দাবিতেই তাঁরা টিআরবিটিতে এসেছেন এবং প্রয়োজনে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন।



