Shantirbazar Minor Death News : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহামুনি রোড সংলগ্ন বুদ্ধমন্দির এলাকার কাছে এক নদীতে স্নান করতে নেমে শুভম দাস (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল শুভম। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় আচমকাই নদীর জলে তলিয়ে যায় সে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা এবং শুরু হয় তড়িঘড়ি উদ্ধার অভিযান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর নদীর জলের নিচ থেকে শুভমকে উদ্ধার করা হয়। তখন সে সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। দ্রুত তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অগ্নিনির্বাপক দফতরের এক আধিকারিক জানান, দুপুর প্রায় ২টা ৪২ মিনিটে তারা ঘটনাটির খবর পান। উদ্ধারকাজে যথাসাধ্য চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কিশোরটিকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে, পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর দুঃখের ছায়া।
স্থানীয়রা নদীতে স্নানের সময় বাড়তি সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।



