Mohanpur Tipra Motha : এডিসি নির্বাচনের আগে ১৩ সিমনা-তমাকারী কেন্দ্র ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে। বুধবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয় চত্বর কার্যত রঙিন হয়ে ওঠে তিপ্রা মথা দলের শক্তি প্রদর্শনে। দলীয় প্রার্থী রবীন্দ্র দেববর্মা এক বিশাল মিছিলের মাধ্যমে সেখানে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার নেতৃত্বে এই মিছিল মোহনপুরের বিভিন্ন এলাকা ঘুরে এসডিএম অফিসে পৌঁছায়। ঢাক-ঢোল, দলীয় পতাকা ও স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। সমর্থকদের উচ্ছ্বাসে দিনটি যেন একপ্রকার নির্বাচনী উৎসবে পরিণত হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী রবীন্দ্র দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, জনগণের ব্যাপক সমর্থন তাদের পক্ষেই রয়েছে। তার দাবি, শুধু এই কেন্দ্র নয়, গোটা এডিসিতেই তিপ্রা মথা নিরঙ্কুশ জয় পাবে এবং পুনরায় ক্ষমতায় ফিরবে।
একই সঙ্গে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মাও দলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা (বুবাগ্রা)-এর নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়েছে এবং রাজ্যের মানুষ এবারও তাদের ওপর আস্থা রাখবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ই.এম রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গা ব্লকের সভাপতি দীপক দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
উল্লেখযোগ্যভাবে, পুরো মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোরদার হচ্ছে প্রচার ও কৌশলগত প্রস্তুতি।



