খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 07:39 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৭:৩৯ পূর্বাহ্ণ

Meyor Dipak Majumder : আগরতলায় প্রথমবার তিন দিনব্যাপী স্বদেশী মেলা, ৯ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন

Meyor Dipak Majumder
1 minute read

Meyor Dipak Majumder : আগরতলায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে তিন দিনব্যাপী স্বদেশী মেলা। এই মেলাকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি আগরতলা আস্তাবল ময়দানে এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বিষয়টি সাংবাদিকদের জানান আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

মেয়র দীপক মজুমদার জানান, পৌর নিগমের কাউন্সিল মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই মেলার আয়োজন করা হয়েছে। বৈঠকে ডেপুটি মেয়র, কর্পোরেটর, এমএস সদস্য, জেনারেল চেয়ারম্যান, কমিশনার, ডেপুটি কমিশনারসহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই মেলার প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি বিকাল ৪টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য বিধায়করা উপস্থিত থাকবেন। পরবর্তী দুই দিনে রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী ও বিশিষ্ট অতিথিরা মেলায় অংশ নেবেন। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

মেলার কর্মসূচি সম্পর্কে জানিয়ে মেয়র বলেন, প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্বদেশী বিষয়ক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জাতি, উপজাতি ও জনগোষ্ঠীর মানুষ এই সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন। পাশাপাশি রাজ্যের নবীন শিল্পীদের জন্যও মঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বদেশী মেলার মূল উদ্দেশ্য প্রসঙ্গে দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ ভাবনাকে সামনে রেখে এই মেলার আয়োজন। মেলায় রাজ্য ও দেশের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। বিশেষভাবে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী, বাঁশজাত দ্রব্য, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন স্বদেশী পণ্য তুলে ধরা হবে। ইস্কন, পতঞ্জলি, বিভিন্ন আশ্রম ও সরকারি দপ্তরও মেলায় অংশ নেবে।

শেষে মেয়র রাজ্যবাসীর কাছে আহ্বান জানান, এই স্বদেশী মেলায় উপস্থিত থেকে মেলাকে সফল করতে এবং স্বদেশী পণ্য ব্যবহারে আরও উৎসাহিত হতে।

For All Latest Updates

ভিডিও