Koilasahar Churi News : কৈলাশহরের ঘনবসতিপূর্ণ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে বাড়ির গ্রীল ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পুলিশের রাত্রিকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থার উপরও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কৈলাসহর পুরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা প্রশান্ত কর চৌধুরী কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে আসামের শিলচরে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছেন। ফলে বাড়িটি কিছুদিন ধরে প্রায় ফাঁকাই ছিল।
প্রশান্ত কর চৌধুরীর দুইতলা বাড়ির উপরের তলায় একটি বেসরকারি সংস্থার কয়েকজন কর্মী ভাড়া থাকেন। তারা দিনের বেলায় কর্মস্থলে থাকলেও রাতে বাড়িতে ফিরে আসেন। তবে নিচতলার অংশে কেউ না থাকায় সেই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
এদিকে প্রশান্ত কর চৌধুরীর বাড়ির ভেতরে একটি স্থায়ী মহাদেব মন্দির রয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় প্রতিদিন সকালে পাশের বাড়ির বাসিন্দা সবিতা দত্ত মন্দিরে পুজো দিতে আসতেন। সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ তিনি প্রতিদিনের মতো পুজো দিতে এসে দেখেন বাড়ির বারান্দার লোহার গ্রীলের তালা ভাঙা এবং ঘরের দরজা খোলা। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন।
স্থানীয়রা এসে ঘরের ভেতরের অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি কৈলাসহর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ অফিসার মুজ্জামিল হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় যে পাঁচটি গডরেজ ও কাঠের আলমারি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ঘরের বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করে রাখা হয়েছে। ঘরের ভেতরের অনেক আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অফিসার মুজ্জামিল হোসেন।
তবে ঠিক কত পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। বাড়ির মালিক ফিরে এলে সঠিক হিসাব পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় দুর্গাপুর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। শহরের একেবারে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বড় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই পুলিশের রাতের টহল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



