খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 5 April 2026 - 04:58 AM
রবিবার, ৫ এপ্রিল ২০২৬ - ০৪:৫৮ পূর্বাহ্ণ

Kathalia Road News : কাঠালিয়ায় নিম্নমানের রাস্তা সংস্কার নিয়ে ক্ষোভ!দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Kathalia Road News
1 minute read

Kathalia Road News : দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে সংস্কারের কাজ শুরু হলেও, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছে সীমান্তবর্তী ভবানীপুর এলাকার বাসিন্দারা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত সোনামুড়া থেকে বিলোনিয়া মুখী বাইপাস সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশে সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়, কিন্তু কাজের গুণমান নিয়ে শুরু থেকেই উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিদয়া থেকে চাঁনপুর পাড়া হয়ে ভবানীপুর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি বহু বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবং জনবসতি ঘন হওয়ার কারণে এই রাস্তায় ছোট-বড় যানবাহন চলাচলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হতো। বহুদিন ধরেই এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

সম্প্রতি রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরু হলে প্রথমে আশার আলো দেখেন স্থানীয়রা। তবে মাত্র তিন দিনের কাজের পরই সেই আশায় ভাটা পড়ে। শনিবার সকালে কাজের বর্তমান অবস্থা দেখে হতবাক হয়ে যান এলাকার যুবক ও প্রবীণরা। তাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং কাজের কোনো স্থায়িত্ব নেই।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করছে উন্নয়নের জন্য। কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। এত নিম্নমানের কাজ হলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে যাবে।”

এলাকাবাসীরা বিষয়টি জানাতে কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও দীর্ঘ চার ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তিনি সেখানে উপস্থিত হননি।

পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রাস্তার কাজের ছবি ও ভিডিও ধারণ করে সংবাদমাধ্যমের কাছে পাঠান, যাতে বিষয়টি প্রকাশ্যে আসে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় উন্নত মানের কাজ নিশ্চিত করা হোক।

For All Latest Updates

ভিডিও