Kalyani Saha Roy : তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় রাজনৈতিক অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগকে কেন্দ্র করে। নিজেদের দলের নেতৃত্বের বিরুদ্ধেই অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই সাইবার থানায় মামলা দায়ের করেছেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
অভিযোগ অনুযায়ী, “সুমন দাস” নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিধায়িকা সহ দলের একাধিক স্থানীয় নেতার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ ও বিরূপ পোস্ট করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই আইনি পদক্ষেপ নেন কল্যাণী সাহা রায়। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাইবার থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ফেসবুক অ্যাকাউন্টটি সন্দীপন চক্রবর্তী নামের এক বিজেপি কর্মীর ফোন নম্বর দিয়ে খোলা হয়েছিল। পাশাপাশি, তেলিয়ামুড়ার আরেক বিজেপি কর্মী দ্বীপনাথ ভৌমিকের ফোন নম্বর ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করা হতো। ফলে এই ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুইজনের জড়িত থাকার অভিযোগ সামনে আসে।
এরপরই পুলিশ সন্দীপন চক্রবর্তী ও দ্বীপনাথ ভৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। শনিবার সাইবার থানার তদন্তকারী অফিসারদের একটি দল তেলিয়ামুড়ায় এসে অভিযুক্তদের বাড়িতে পৌঁছায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে সেখানে গিয়ে কাউকেই বাড়িতে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের আসার আগেই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুলিশের আগমনের খবর পেয়েই তারা পালিয়ে যায়। সাইবার ক্রাইম কেস নম্বর ১৭/২৬ হিসেবে এই মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ ফেসবুক সংক্রান্ত একটি সাইবার অপরাধের ঘটনা এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



