খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 03:47 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৩:৪৭ পূর্বাহ্ণ

Chebri Road News : চেবরি পেক্নিছড়ায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

Chebri Road News
1 minute read

Chebri Road News : চেবরি পেক্নিছড়ায় প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীর দাবি, প্রায় ৪ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে যে রাস্তার কাজ হচ্ছে, সেখানে সরকারি নকশা ও নিয়ম সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, পুরনো রাস্তা ভেঙে যাওয়ার পর নতুন করে কাজের বরাত দেওয়া হয়। প্রকল্পে মেটালিং, কার্পেটিং, ড্রেন ও রাস্তার পাশে বোল্ডার বসানোর কথা থাকলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, আগের পিচের ওপরেই শুধু আলকাতরার প্রলেপ দেওয়া হচ্ছে, নিচের স্তরে কোনও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে না। বহু জায়গায় ফাঁকা ফাঁকা গ্যাপ রেখে ঢালাই করা হচ্ছে, যা বৃষ্টির দিনে বা ভারী যান চলাচলে টিকবে না বলে আশঙ্কা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আগের পিচের ওপরেই ঢালাই দিচ্ছে। কোথাও ভালোভাবে বসানো হচ্ছে না। বৃষ্টি নামলেই সব ধুয়ে যাবে।” আরেকজন জানান, বড় গাড়ি চললেই রাস্তা উঠে যাবে।

রাস্তার পাশে যে বোল্ডার বসানোর কথা ছিল, সেগুলির মান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, একেবারেই নিম্নমানের বোল্ডার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রেনের কাজও সন্তোষজনক নয় বলে জানান এলাকাবাসী।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কাজ চলাকালীন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতি পাওয়া যায়নি। তাঁর পরিবর্তে অন্য দু’জন থাকলেও রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। এলাকাবাসীর বক্তব্য, এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে। অনেকেই আক্ষেপ করে বলছেন, আগের রাস্তাই ভালো ছিল।

এলাকায় গুঞ্জন, ঠিকাদার প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট হওয়ায় নিয়ম মানার তোয়াক্কা করছে না। এখন দেখার, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর আদৌ এই কাজের গুণগত মান তদন্ত করে কি না।

For All Latest Updates

ভিডিও