Bishalgarh Ps News : বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় ঘটে গেল এক আজব ঘটনা। এক ব্যবসায়ীর হাতে কামড় বসিয়ে পালালো ক্রেতা। ঘটনার জেরে আহত অবস্থাতেই বিশালগড় থানায় ছুটে এসে মামলা দায়ের করলেন ব্যবসায়ী স্বপন দাস।
ঘটনার বিবরণে জানা যায় এদিন এসডিএম অফিস সংলগ্ন ব্যবসায়ী স্বপন দাস এর দোকানে আসে একই এলাকার কানাই দেবনাথ নামক এক ব্যক্তি। দোকানে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস পত্র সে বাকি তে নিয়ে যাবে বলে জানায়। এই নিয়ে স্বপন বাবুর স্ত্রীর সাথে প্রথমে তাঁর বাক বিতণ্ডা হয়।
চেঁচামেচি শুনে উনি দৌড়ে এলে অভিযুক্ত কানাই দেবনাথ স্বপন বাবুর হাতে সজোরে কামড় বসিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় স্বপন বাবু প্রথমে হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করান । পরে এই ঘটনা জানিয়ে বিশালগড় থানায় এসে কানাই দেবনাথ এর নামে মামলা দায়ের করেন।
অভিযুক্ত কানাই দেবনাথ এর বাবার নাম গোপাল দেবনাথ । এদিন তাঁর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে তাঁর উপযুক্ত শাস্তি ও এই ঘটনার বিচারের দাবী জানিয়েছেন আক্রান্ত স্বপন দাস। বিশালগড় জুড়ে এধরণের আজব ঘটনার জেরে এক প্রকার মানুষ এর শান্তি বিনষ্ট হয়ে পড়েছে।
এধরণের উদ্ভট আচরণ ঘটিয়ে বর্তমানে কানাই পাড় পেয়ে যায় নাকি পুলিশ তাকে ঘাড় ধরে টেনে আনে সেটাই দেখার অপেক্ষা।



