Belonia News : চুরি কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। ঘটনা বিলোনিয়া থানাধীন এলাকায়। জানা গেছে , গত কাল বিলোনিয়া থানায় মতাই ভূমিহীন এলাকার বাসিন্দা তথা দম্পতি বেনু মল্ল ও তার স্ত্রী একটি চুরি মামলা দায়ের করেন।
সেই মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত চালায় পুলিশ। আর তদন্ত মূলে ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। চুরি হওয়া প্রায় সাড়ে 5 ভরি স্বর্ণালংকার এবং নগদ ত্রিশ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।
বুধবার সেই উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা মালিকের হাতে তুলে দিয়েছেন থানাবাবুরা। উদ্ধার হওয়া ৫ ভরি স্বরনালংকারের বাজার মূল্য সাড়ে সাত লক্ষ টাকার বেশি হবে বলে জানানো হয়েছে। পুলিশের ভূমিকায় খুশি অভিযোগকারী অর্থাৎ চুরি হওয়া বাড়ির মালিক বেনু মল্ল ও তার স্ত্রী।
এই ঘটনার সাথে যে চোর জড়িত ছিল সে বাইরের নয়, বরং তার নিজ আত্মীয় পরিজনদের মধ্যেই ছিল। তাই মানবিকতার খাতিরে চোরের নাম উল্লেখ করেন নি বেনু মল্ল ও তার স্ত্রী। তবে চুরি হওয়ার সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি এবং নগদ ২৮০০ টাকা পাওয়া যায়নি।
আজ বিলোনিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ এই বিষয়ে সাংবাদিকদের অবগত করে সাংবাদিকদের সামনেই মালিকের হাতে উদ্ধার হওয়া জিনিস গুলো তুলে দিয়েছেন। মূলত থানার এসআই রাহুল জামাতিয়া এবং প্রানজিৎ রায় এই চুরির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করে আগরতলা থেকে মালগুলি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানা গেছে।
মহকুমা পুলিশ আধিকারিক সকল নাগরিকের কাছে আবেদন রাখেন চুরি হোক কিংবা অন্য যে কোন ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথেই যাতে পুলিশকে অবগত করেন তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বেনু মল্ল ও তার স্ত্রী জানায় তিনি দুপুরে তাদের অনুপস্থিতিতে জিনিসপত্রগুলি চুরি হয় তবে পুলিশের কাছে তারা নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করে।



